বাড়ি » কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

May 14, 2026

বিডি টাইমস ডেস্ক,

কুমিল্লা সদর দক্ষিণে স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার জেরে বড় ভাই মোরশেদের (৪০) দায়ের কোপে ছোট ভাই ফয়সাল (৩৫) খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফয়সাল ওই গ্রামের মরহুম রাজা মিয়ার ছেলে। অভিযুক্ত মোরর্শেদ তার আপন বড় ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন অভিযুক্ত মোরশেদের স্ত্রী। বুধবার দিবাগত রাতে তিনি নাইট শিফটের ডিউটি করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান।

সকালে ঘরের পাশে শিশুরা হই হুল্লোড় করলে মোরশেদ ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাঘাত হচ্ছে বলে তাদের বকা দেন। এ সময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা দু’জনই বাড়ি থেকে বের হয়ে যান।

দুপুর দেড়টার দিকে দুই ভাই বাড়ি ফিরলে আবারো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে মোরশেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাই ফয়সালকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আটক করা হয়।

থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এ,আর

টপিক :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন