বাড়ি » পশ্চিমবঙ্গে চারদিনে ৩৪ মুসলিম সম্পত্তিতে হামলা

পশ্চিমবঙ্গে চারদিনে ৩৪ মুসলিম সম্পত্তিতে হামলা

May 11, 2026

আর্জাতিক নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতিতে রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতার চিত্র উঠে এসেছে। নাগরিক অধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস’ (এপিসিআর)-এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর মাত্র চার দিনে (৪ মে থেকে ৭ মে) রাজ্যের অন্তত ৮টি জেলায় মুসলিম সম্প্রদায়ের ৩৪টি সম্পত্তিতে হামলার ঘটনা ঘটেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই সহিংসতা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। কোচবিহার থেকে শুরু করে হাওড়া, বারাসাত, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এমনকি কলকাতা মেট্রো অঞ্চলেও পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এসব হামলায় মসজিদ, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং মুসলিম মালিকানাধীন হোটেলসহ প্রায় ৫৪টি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে কোচবিহারের গোসাইনিমারিতে একটি মসজিদ রক্ষা করতে গিয়ে এক মুসলিম ব্যক্তি নিহত হন। এ সময় হামলাকারীরা উসকানিমূলক স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া অনেক এলাকায় সংখ্যালঘুদের এলাকা ছাড়ার হুমকি এবং শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে।

আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। বারাসাতে দুটি হোটেল পুড়িয়ে দেওয়া ছাড়াও বিভিন্ন স্থানে মাংসের দোকান বন্ধ রাখতে চাপ সৃষ্টি এবং গবাদি পশুর হাটে হামলার অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুলডোজার মিছিল বের করে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি বিভিন্ন মুসলিম নামযুক্ত স্থানের নাম পরিবর্তনের চেষ্টাও চালানো হচ্ছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও কর্মীদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানানো হয়।##

এ/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন