ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের দেশ ও মানুষের কল্যাণে আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জনসেবা ও দেশপ্রেমের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
রোববার (১০ মে) গাইবান্ধা জেলা জামায়াতের আয়োজিত পৃথক মতবিনিময় সভা ও সাংগঠনিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা মজলিশে শূরা, কর্মপরিষদ, উপজেলা আমির-সেক্রেটারি, নারী ইউনিট এবং ছাত্র আন্দোলনের সাবেক কর্মীরা অংশ নেন।
সভায় মাওলানা আবদুল হালিম বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে আর্থিক সহযোগিতা ও ত্যাগের মনোভাব জরুরি। পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রজীবনে অর্জিত অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে বৃহত্তর আন্দোলন ও সমাজ উন্নয়নের কাজে লাগাতে হবে। জ্ঞান, আমল ও নৈতিকতায় এগিয়ে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হওয়া উচিত সবার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিম। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।
এ সময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আর আই খান