আর্ন্তজাতিক নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরেছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে রোববার (১৭ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন।
আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো প্রভাব পড়েনি।
আবু ধাবির মিডিয়া কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছে, ড্রোন হামলার কারণে আল দাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরের সীমানার বাইরে একটি জেনারেটরে আগুন লাগে। এই ঘটনায় আবুধাবি কর্তৃপক্ষ দ্রুত সাড়া দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে তেজস্ক্রিয় ঝুঁকি বা কেন্দ্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে পোস্টে বলা হয়েছে।
দেশটির ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন নিশ্চিত করেছে যে, অগ্নিকাণ্ডে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বা গুরুত্বপূর্ণ সিস্টেমে কোনো প্রভাব পড়েনি, সব ইউনিটই স্বাভাবিকভাবে সচল আছে।
তবে দেশটিতে সর্বশেষ এই হামলা কারা চালিয়েছে- তা নিয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও আরব আমিরাতের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে আমিরাত। ##
এ/জেড