নিউজ ডেস্ক : ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করবেন। পুলিশ সপ্তাহের এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
এবারের পুলিশ সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের পূর্বশর্ত। তিনি জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে পুলিশের সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসন অনেকাংশে নির্ভরশীল বলে উল্লেখ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অপরাধের ধরন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি এবং ডিজিটাল ফরেনসিকস ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন বর্ণিল প্যারেডে।
অনুষ্ঠানে ২০২৫ সালে সাহসিকতা, বীরত্ব, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং সেবা ক্যাটাগরির বিভিন্ন পদক প্রদান করা হবে।
বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আর আই খান